ফরম পূরণের দাবিতে অকৃতকার্যদের বিক্ষোভ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫২

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ডিগ্রি কলেজের নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা ফরম ফিলাপের দাবিতে শনিবার ও রবিবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা অধ্যক্ষের কক্ষে ও কলেজের প্রধান গেটে তালা লাগিয়ে দেয়। পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তালা খুলে দেয়। কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এইচএসসির নির্বাচনী পরীক্ষায় ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন অকৃতকার্য হয়। এরপর ফরম ফিলাপের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অকৃতকার্য শিক্ষার্থী রবিন হোসেনসহ অন্য শিক্ষার্থীদের অভিযোগ, গোপনে অকৃতকার্য পাঁচ/ছয় জনের ফরম ফিলাপের সুযোগ দিয়েছে অধ্যক্ষসহ অন্যরা। কিন্তু বাকিদের এ সুযোগ দেয়নি। এ জন্য তারা ফরম ফিলাপের দাবি জানিয়েছে। তাতে কাজ না হওয়ায় বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা তালা লাগিয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, অকৃতকার্য কাউকে ফরম ফিলাপ করানো হয়নি। এর কোনো সুযোগ নেই। অকৃতকার্যদের অভিযোগ ও দাবি সত্য নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বলেন, অভিযোগ পেলে বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।