মিঠাপুকুরে কাফ্রিখাল ইউপি উপনির্বাচন আজ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৪

রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আজ সোমবার। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরের মধ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্সসহ ভোটের যাবতীয় উপকরণ পৌঁছে গেছে বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। উপনির্বাচনে মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও মরহুম চেয়ারম্যান আশরাফ আলীর কনিষ্ঠ ছেলে মাহমুদুল হাসান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল ইসলাম (চশমা), হাফিজুর রহমান (আনারস), বাবলুর রহমান (ঘোড়া) ও ইলিয়াছ মিয়া (মোটরসাইকেল)।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মামুন ভুঁইয়া বলেন, সকলের সহযোগিতায় কাফ্রিখাল উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করছি।

উল্লেখ্য, ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২০ অক্টোবর চিকিত্সাধীন অবস্থায় মারা যান চেয়ারম্যান আশরাফ আলী।