কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার সকালে সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে।
দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দৌলতপুর সীমান্তবর্তী প্রাগপুর ইউপির ময়রামপুর গ্রামের মালেক ও পলাশের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল ৭টার দিকে মালেকের লোকজন জোর করে ঐ জমিতে থাকা বাঁশ কাটতে যায়। এ সময় পলাশের লোকজন বাঁশ কাটতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আ. মালেক ও রফিককে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ইনচার্জ আরিফুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
