কক্সবাজারের কলাতলীর এক হোটেল থেকে শনিবার রাত ১১টার দিকে আগ্নেয়াস্ত্র, কিরিচ ও ইয়াবা জব্দ করেছে পুলিশ। ঘটনাস্থলে অভিযান চালানো এসআই তৈয়মুর বলেন, ৯৯৯ সেবায় কল পেয়ে সদর থানা থেকে দেয়া মেসেজে কলাতলীর সুগন্ধা পয়েন্টের দক্ষিণপাশের পিংক-শোর নামক হোটেলের অফিস কক্ষে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি কাটা বন্দুক, দুটি কিরিচ ও প্রায় ২০০ ইয়াবা জব্দ করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হোটেল পরিচালনায় থাকা কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। পরে সম্পৃক্ততা না পেয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির জানান, মালিকানার বিরোধ থাকায় হোটেলটির জমির মালিক নাছির উদ্দীন মহসীন প্রতিপক্ষকে ফাঁসাতে এসব অস্ত্র ও মাদক কৌশলে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ঘটনার ব্যাপারে অধিকতর তদন্ত চলছে।
