আত্রাই থেকে সিংড়া পর্যন্ত এলাকাটিকে দুভাগে ভাগ করেছে আত্রাই নদী। নদী তীরবর্তী দুটি রাস্তা, যার মধ্যে একটি পাকা অন্যটি কাঁচা। যে রাস্তাটি পাকা সেখানে ফসলের দাম বেশি। পাইকার বেশি, তুলনামূলক দামও বেশি। কিন্তু অধিক দামের আশায় এপারের লোক কৃষিপণ্য নিয়ে ওপারে যেতে পারেন না। প্রথম কারণ, নদীপাড়ের ভাঙাচোরা রাস্তা। দ্বিতীয়ত, দূরদূরান্তে যেতে খেয়াঘাটের নৌকা ছাড়া ব্যবস্থা নেই। শঙ্কার বিষয় হলো, এই সমস্ত নৌকায় চড়ে প্রায়শই লোকজন বিপদে পড়ে। বিপদসংকুল একটি খেয়াঘাটের নাম ইসলামগাঁথী। এখানে প্রতিদিন হাজার হাজার লোক নদী পারাপার হন এবং উপজেলা সদরে যাওয়া-আসা করেন। একটু রাত হতেই পারাপারের কোনো ব্যবস্থা থাকে না। এলাকার লোকজন যুগের পর যুগ ধরে এসব কষ্ট বুকে নিয়ে বসত করে যাচ্ছেন। এ অবস্থায় সরকারের কাছে এলাকার লোকজনের দীর্ঘদিনের দাবি—নদীর ওপর একটি সেতু নির্মাণ করে দেওয়া হোক। উলেখ্য, আত্রাই উপজেলা সদরে এবং সিংড়া সদর ছাড়া নদীটির দীর্ঘপথ পরিক্রমার মাঝে আর কোথাও কোনো সেতু নেই।
রবিউল ফিরোজ
শিক্ষক, রাণীনগর উচ্চ বিদ্যালয়, আত্রাই, নওগাঁ
