বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

এবার শুধু বঙ্গবন্ধু স্টেডিয়ামেই

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২২:২৯

শেষবার যখন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল হয়েছিল তখন দেশের তিনটি শহরের দর্শক উপভোগ করেছে। এবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। শুরু থেকেই ঢাকার দর্শক দেখতে পারবেন। ২০১৮ সালের অক্টোবরে সিলেট ও কক্সবাজারের দর্শক খেলা দেখেছিলেন। উপচেপড়া দর্শক উপস্থিতি ছিল দুই ভেন্যুতে। শুধু ফাইনাল ম্যাচটা ঢাকায় হয়েছিল। তখন ঢাকার বাইরে খেলাটা নিয়ে যাওয়ার নানা কারণও ছিল। দর্শকের কথা ভেবে নেয়া হয়, টুর্নামেন্ট আরো বেশি জমজমাট হবে। ফুটবল উন্মাদনাও ছড়িয়ে দেয়া যায়। এবার ঢাকার বাইরে না নেয়া হলেও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল এবার জমজমাট করার উদ্যোগ নেয়া হয়েছে। কারণ আগামী বছর বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী এ কারণে বঙ্গবন্ধু গোল্ডকাপ বাড়তি আবেদন তৈরি করবে। ১৫-২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

বাফুফে এবং এই টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠানকে স্পোর্টসের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, সিনিয়রসহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, কে স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ এম এ করিম, উপস্থিত ছিলেন পরিচালক আশফাক আহমেদ, নির্বাহী পরিচালক মুনতাসির ভূঁইয়া, ফিফার সদস্য ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ প্রমুখ।

টুর্নামেন্ট আয়োজন করে কত টাকা স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া যাবে সেটা প্রকাশ করেনি বাফুফে। তবে সভাপতি কাজী সালাহউদ্দিন জানালেন বাফুফে থেকে ১০০ টাকাও খরচ হবে না। তিনি বলেন, ‘টুর্নামেন্টের সব খরচাই স্পন্সর প্রতিষ্ঠানের। টিকিট বিক্রির টাকা বাফুফে পাবে।’

ছয় জাতির এই টুর্নামেন্টে খেলার কথা রয়েছে কম্বোডিয়া, শ্রীলঙ্কা, লাওস, মঙ্গোলিয়া, কিরগিজস্তান এবং স্বাগতিক বাংলাদেশের। অতিথি দেশগুলোর বিষয়টি আয়োজক কর্মকর্তাদের মুখে বারবার উঠে এলেও নিশ্চিত করেননি তারা। আগামী ৪ জানুয়ারী টুর্নামেন্টের ড্র, দুপুরে। সেদিনই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। তবে এই ধরনের দেশ ছাড়া খুব বেশি দেশও টুর্নামেন্টের জন্য পাওয়া কঠিন। বাস্তবতা মেনে নিয়েই স্পন্সর প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বললেন, ‘ফুটবল দুনিয়ার বর্তমান বাজারে জাতীয় দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা চ্যালেঞ্জের ব্যাপার।’ তিনি বলেন, ‘এবার টুর্নামেন্ট অনেক বেশি উত্তেজনাপূর্ণ হবে কারণ এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছর। জন্মশতবার্ষিকীর কাউন্ট ডাউন শুরু হলে প্রথম যে টুর্নামেন্ট শুরু হবে সেটি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী ১০ জানুয়ারী কাউন্ট ডাউন শুরু হবে। আমাদের টুর্নামেন্ট শুরু হবে ১৫ জানুয়ারি।’

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কিংবদন্তি ফুটবলারদের উপস্থিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘ফিফার লিজেন্ডপুল রয়েছে। তারা জানিয়েছে টুর্নামেন্টের সময় কোন ফুটবলারদের পাওয়া যায়, সেটির ওপর নির্ভর করছে। ফিফার দিকে তাকিয়ে বাফুফে। ফিফা যাদের পাবে তাদের পাঠাবে। তাই বলে ভারতের বাইচুং ভুটিয়াকে পাঠালে হবে না।’ সোহাগ বললেন, ‘যারা ফিফার কিংবদন্তি তালিকায় রয়েছে সেখান থেকে বাছাই করা হবে।’ বাংলাদেশের বাইরের দর্শকরা টিভির পর্দা ছাড়াও অনলাইনেও খেলা দেখার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ফাহাদ করিম। তিনি বলেন, ‘এবার ফুটবলার খেলাটাকে ডিজিটাল মার্কেটিং করা হবে যেন সবার কাছে খেলাটা পৌঁছে যায়।’