মাধবদীর মেহেরপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজির অভিযোগ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০০:১৮

নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হাসানের দুর্নীতি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ওঠেছে এলাকাবাসী। এসবের প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তা বরাবর একের পর এক অভিযোগ দায়ের করেও কোনো ফল পাচ্ছেন না।

মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মো. বেলায়েত হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মো. দানিছুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য মোসা. মনোয়ারা বেগমসহ এলাকার গণ্যমান্য ৩৬ জন স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মাহবুবুল হাসান একের পর এক অপরাধ করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তিনি হাসান বাহিনী নামে একটি সশস্ত্র ক্যাডার বাহিনীও গড়ে তুলেছেন। এর আগে তিনি জামায়াত-শিবির ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে অবৈধভাবে গ্যাসের ব্যবসা এবং বিভিন্ন বাড়িতে গ্যাস সংযোগ দিয়ে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যান। এ জন্য তার নাম রাখা হয়েছিল ‘গ্যাস মাহবুব’। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তন হলে তিনি রাতারাতি আওয়ামী লীগে যোগদান করে এলাকায় বড়ো আওয়ামী লীগার বনে যান। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি আরো বেপরোয়া হয়ে উঠেন। কোনো রকমের ব্যবসা-বাণিজ্য ছাড়াই রাতারাতি শত কোটি টাকার মালিক বনে যান।  হাসান বাহিনীর দৌরাত্ম্য পাঁচদোনা, শেখেরচর মাজার বাসস্ট্যান্ডসহ পুরো ইউনিয়নব্যাপী। এ বাহিনীর ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে ও প্রতিবাদ করতে সাহস পায় না। এসব অভিযোগের বিষয়ে চেয়ারম্যান মাহবুবুল হাসান জানান, একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দায়ের করেছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।