ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর শপথে বিজেপি বিরোধী ঐক্যের মহড়া!

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০০:৪৪

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল শপথ নিলেন হেমন্ত সোরেন। রাঁচিতে মহা সমারোহে শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ নেন তিনি। এমএম-কংগ্রেস-আরজেডি জোট ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। গতকাল শপথগ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলগুলোর ঐক্য প্রদর্শিত হয়। এতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সিপিএমের সীতারাম ইয়েচুরি, আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকের এমকে স্তালিন, ডি রাজা, অশোক গেহলট, কমলনাথ, শারদ যাদব প্রমুখ। নাগরিকত্ব সংশোধনী বিরোধী প্রবল হাওয়ার মধ্যে দেশের বিজেপি বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ ছবি তুলে ধরতে মরিয়া বিরোধী দলগুলো। হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠান বিজেপি বিরোধী দলগুলোর কাছে কার্যত সেই সুযোগ করে দিয়েছিল। বাস্তবেও তাই ঘটলো। -এনডিটিভি