একাদশ জাতীয় নির্বাচনের বর্ষপূর্তি আজ

গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করবে আওয়ামী লীগ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০০:৪৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্ণ হবে আজ সোমবার। এ দিনটিকে ‘গণতন্ত্র বিজয় দিবস’ হিসেবে পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক। ৩০ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। রাজধানীসহ দেশের সব জেলা/মহানগর, উপজেলা/থানাসহ সংগঠনের সব শাখার উদ্যোগে বিজয় মিছিল, র্যালি, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

ওবায়দুল কাদের বলেন, ২০১৮ সালের এই দিনে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অগ্রসরমান সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে গণরায় প্রদান করে বাংলার জনগণ। ২৫৯ আসনে জয়লাভ করে আওয়ামী লীগ।

জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন আজ রাজপথসহ সারাদেশের মাঠ দখলে রাখবে আওয়ামী লীগ। বিএনপির কর্মকাণ্ডের দিকে তীক্ষ্ন নজর রাখা হবে। গণতন্ত্রের বিজয় দিবসের এই দিনটিতে রাজধানীর অলিগলিসহ দুই শতাধিক স্থানে দিনভর সতর্ক অবস্থানে থেকে বিজয়োত্সব পালন করবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসংখ্য মানুষ। কেন্দ্রীয়ভাবে আজ বিকাল তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।