বেতন-ভাতা কমানোয় বেসিক ব্যাংক চেয়ারম্যান ও এমডি অবরুদ্ধ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০০:৪৮

রাষ্ট্রীয় মালিকানার বেসিক ব্যাংকের বেতন-ভাতা কমানোর কারণে ক্ষুব্ধ হয়ে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অবরুদ্ধ করে রেখেছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রবিবার দুপুর থেকে তারা এ অবরোধ কর্মসূচি পালন করেন। পরে পুলিশি পাহারায় রাত ১১টার দিকে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বের হন চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ, এমডি রফিকুল আলমসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।

গত সপ্তাহে বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিল করার প্রজ্ঞাপন জারি করা হয়। অন্যান্য সরকারি ব্যাংকের মতো বেতন কাঠামো অনুসরণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আর এ নির্দেশনার ফলে এ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বেশ খানিকটা কমে যাবে। এতে ব্যাংকের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গত ২৩ তারিখ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত  ব্যাংকের কর্মীরা বিক্ষোভ প্রদর্শনসহ নানা কর্মসূচি পালন করে। ঐদিন ব্যাংকের এমডির পক্ষ থেকে জানানো হয়, আগামী বোর্ড মিটিংয়ে বিষয়টি উত্থাপন করা হবে।

গতকাল ব্যাংকের বোর্ড মিটিং ছিল। এজন্য গতকাল দুপুর থেকেই মতিঝিলের সেনাকল্যাণ ভবনে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থান নেয় কর্মীরা। পরে ব্যাংকের বোর্ড মিটিং শুরু হলে পর্ষদ সদস্যসহ সবাইকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। ব্যাংক সূত্রে জানা গেছে, রাত ১১টা পর্যন্ত অবরুদ্ধ ছিলেন বোর্ড সদস্যরা।