অস্ট্রেলিয়ায় বুনো আগুন হাজার হাজার মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০০:৫০

অস্ট্রেলিয়ায় বুনো আগুনের কারণে ভিক্টোরিয়া রাজ্য থেকে হাজার হাজার বাসিন্দা ও ছুটি কাটাতে আসা মানুষজনকে রাজ্য ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সেখানে তাপমাত্রা এখন ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে ঝোড়ো বাতাস আর বজ্রপাত হচ্ছে। বাতাসের দিক পরিবর্তন হলে আজ পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে। খবর বিবিসির

জরুরি সেবার প্রধান অ্যান্ড্রিউ ক্রিস বলেছেন, যারা ইস্ট গিপসল্যান্ড এলাকায় আছেন, তাদের কোনোরকম দেরি না করে সোমবার সকালের আগে ঐ এলাকা ছাড়তে হবে। অস্ট্রেলিয়ার বনাঞ্চলে এখনো শতাধিক বুনো আগুন জ্বলছে। সবচেয়ে বড়ো বুনো আগুনটি জ্বলছে নিউ সাউথ ওয়েলসের সিডনি শহরের কাছাকাছি। সেখানে প্রায় আড়াই লাখ মানুষ একটি পিটিশন স্বাক্ষর করেছেন, যেন নতুন বছরের আগের রাতে আতশবাজির অনুষ্ঠান বাতিল করা হয় এবং সেই খরচ আগুনের বিরুদ্ধে লড়াইয়ে ব্যয় করা হয়।

ভিক্টোরিয়ায় কী ঝুঁকি আছে?

ইস্ট গিপসল্যান্ডে ব্রুথেন, বুচান আর বোনাং শহরের কাছে তিনটি বুনো আগুন জ্বলছে, যা আরো বেড়ে যাওয়ার পূর্বাভাস আছে। কর্মকর্তারা বলছেন, আগুনগুলো উপকূলের দিকে চলে যেতে পারে এবং উপকূল এলাকা থেকে অঞ্চলটিকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে। ক্রিস, ভিক্টোরিয়া রাজ্যের জরুরি ব্যবস্থাপনা কমিশনার বলেছেন, মেলবোর্নের পূর্ব দিকে, ইস্ট বায়র্নসডেল এলাকার আশপাশের প্রায় ২৮০ কিলোমিটার এলাকায় থাকা প্রত্যেকের সরে যাওয়া উচিত।

রাজ্যে পরিকল্পিত বড়ো একটি গানের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আয়োজকরা বলছেন, নতুন বছরের আগের রাতে লোর্নে শহরে জনপ্রিয় ফলস নিউ ইয়ার্স ইভ ফেস্টিভ্যাল আয়োজন করা খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। গানের উত্সব স্থানে এর মধ্যেই প্রায় ৯ হাজার মানুষ ক্যাম্পিং করতে শুরু করে দিয়েছে। তাদের সবাইকে জরুরি পরিস্থিতির এই সময়ে এত তাড়াতাড়ি সরিয়ে নেওয়া সম্ভব কি না, তা নিয়ে সংশয় আছে।