দালালমুক্ত বিআরটিএ নিশ্চিত করার সুপারিশ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০০:৫১

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) দালালমুক্ত করার সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে দালালমুক্ত বিআরটিএ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।

কমিটির সভাপতি একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, আবু জাহির, ছলিম উদ্দীন তরফদার ও রাবেয়া আলীম অংশ নেন। বৈঠকে জানানো হয়, সংসদীয় কমিটি ফেব্রুয়ারিতে সুবিধাজনক সময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করবে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়।

বৈঠকে কমিটি কর্তৃক কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) প্রকল্পের সরেজমিন পরিদর্শন সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন এবং বিআরটিএর সার্বিক কার্যক্রম, ভবিষ্যত্ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা হয়। মহাসড়কে থ্রি হুইলার/নসিমন-করিমন বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পুনরায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংসদীয় কমিটির পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।