ইরাকে মার্কিন বিমান হামলা সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ: ইরান

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২০:০৯

ইরাকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ঘাঁটিতে মার্কিন হামলাকে আমেরিকার সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ বলে আখ্যা দিয়েছে ইরান। গতকাল রবিবার মার্কিন সেনারা ইরাকের ‘কাতাইব হিযবুল্লাহ’ নামে হাশ্‌দ আশ-শাবির একটি অঙ্গ সংগঠনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বিমান হামলার প্রেক্ষিতে এমন মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।

আব্বাস মুসাভি বলেন, এই হামলার মাধ্যমে আমেরিকা অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছে যে, তারা সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেয় এবং একটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অসম্মান করে। এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের দায়দায়িত্ব এবং পরিণতি অবশ্যই আমেরিকাকে ভোগ করতে হবে। 

হাশ্‌দ আশ-শাবি হচ্ছে ইরাকের সরকারপন্থী একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি বাহিনীকে সরাসরি সহায়তা করে আসছে।
রবিবার মার্কিন বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এদিকে এক বিবৃতিতে সংগঠনটি মার্কিন সেনাদের বর্বর আগ্রাসনের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আরও পড়ুন: ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে গির্জায় হামলা!

গত শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের একটি মার্কিন ঘাঁটিতে কয়েকটি রকেট হামলা হয়। এরপর মার্কিন সেনারা এই হামলা চালালো। 

ইত্তেফাক/এসইউ