ক্র্যাবের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী
ইত্তেফাক রিপোর্ট
থার্টিফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে রাজধানীতে থাকবে কঠোর নিরাপত্তাবলয়। কোনো ধরনের বাড়াবাড়ি করা যাবে না। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকবে র্যাব-পুলিশ।
গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন। তিনি বলেন, ইংরেজি নববর্ষের প্রথম প্রহর উদ্যাপনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ রাতে যাতে কোনো ধরনের বাড়াবাড়ি ও উচ্ছৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক দীপু সারওয়ার।
বিশেষ অতিথির বক্তব্যে র্যাব মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদ বলেন, ইংরেজি বর্ষ বিদায় ও নববর্ষ উপলক্ষ্যে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপনের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সব ধরনের প্রস্তুতি র্যাবের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। গুজব ঠেকাতে সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হবে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, ‘ইংরেজি নববর্ষ আমাদের সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি বাংলা নববর্ষ। তবে বিশ্বায়নের যুগে আমরাও এর বাইরে নই। কিন্তু এই উদ্যাপন যেন অন্য কারো বেদনার কারণ, বিরক্তির কারণ না হয়ে যায়, সেই দিকটি সবাইকে খেয়াল রাখতে হবে।’
এর আগে গতকাল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে ‘থার্টি ফার্স্ট নাইটে’ রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত বা সমাবেশ বা উত্সব করা যাবে না। থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, পটকাবাজি, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালনাসহ যেকোনো ধরনের অশোভন আচরণ থেকে নগরবাসীকে বিরত থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পর বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না। নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে নিজ নিজ এলাকায় চলে আসতে হবে। একই সঙ্গে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বসবাস করেন না, এমন কাউকে থার্টি ফার্স্ট উপলক্ষ্যে সেসব এলাকায় না যেতে অনুরোধ করা যাচ্ছে।
