খুলনা অফিস
পাট খাতে প্রয়োজনী অর্থবরাদ্দ, মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি ও বেতন পরিশোধসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল সোমবার দৌলতপুর জুট মিল ও স্টার জুট মিলের শ্রমিকরা বিআইডিসি রোডের প্লাটিনাম জুবিলি জুট মিলের গেটের পূর্ব পাশে ও প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিকরা মিলের পশ্চিম গেটে প্যান্ডেল করে অনশন পালন করেন। এছাড়া ক্রিসেন্ট গেট ও খালিশপুর জুট মিল গেটেও অনুরূপ প্যান্ডেল করে অনশন করছেন স্ব স্ব মিলের শ্রমিকরা। একই সঙ্গে আটরা শিল্পাঞ্চলের আলিম ও ইস্টার্ন জুট মিলের শ্রমিকরাও তাদের মিলগেটে অনশন কর্মসূচি পালন করেন।
মিলের উত্পাদন বন্ধ রেখে খালিশপুর বিআইডিসি রোড, আটরা ও রাজঘাট এলাকার খুলনা-যশোর মহাসড়কে শ্রমিকরা এ অনশন কর্মসূচি পালন করছেন।
আলীম জুট মিলের সিবিএ সভাপতি মো. সাইফুল ইসলাম লিটু বলেন, গত রবিবার দুপুর থেকে অনশনে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, শ্রমিকরা মজুরি না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন।
অনশনে ইউএমসি জুটমিল শ্রমিকরা
নরসিংদী প্রতিনিধি জানান, ১১ দফা দাবিতে আবারও আমরণ অনশন শুরু করেছে নরসিংদীর ইউএমসি জুট মিলের শ্রমিকরা। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে রবিবার সন্ধ্যা ৬টা থেকে ইউএমসি জুট মিলের প্রধান গেটে অনশন কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। সোমবার বিকালে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের অনশন অব্যাহত রয়েছে। পূর্বেই প্রস্তুত রাখা অস্থায়ী মঞ্চে সন্ধ্যা থেকে কাঁথা-বালিশ নিয়ে অনশনে বসে পড়েন শ্রমিকরা।
দ্বিতীয় দিনে রাজশাহী পাটকল শ্রমিকদের অনশন
স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, কনকনে ঠান্ডা বাতাস উপেক্ষা করে রবিবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহীর পাটকল শ্রমিকরা। রবিবার রাতভর মিলের মূল ফটকে অবস্থানের পর সোমবার সকাল থেকে শ্রমিকরা দাবি আদায়ে আবারও বিক্ষোভ প্রদর্শন করছেন।
রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের পক্ষে আর ঘরে ফেরা সম্ভব নয়। কেন্দ্রীয়ভাবে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় গত ১০ ডিসেম্বর দুপুর থেকে আন্দোলন শুরু করেন পাটকল শ্রমিকরা। পরে তাদের দাবি মেনে নেওয়ার সরকারি আশ্বাসে গত ১৪ ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে কর্মসূচি স্থগিত করা হয়।
