বরিশালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৪

বরিশাল অফিস

বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী পালিত হয় রবিবার। শিল্পাচার্যের জন্মবার্ষিকীতে বরিশাল চারুকলার আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সন্ধ্যায় অশ্বিনী কুমার টাউন হলে শিশু শিল্পীদের প্রদর্শনী ঘুরে দেখেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দিয়ে মেয়র বলেন, বরিশাল সিটি করপোরেশন ইতিমধ্যেই শিশুদের বিনোদনের জন্য পার্ক স্থাপনসহ বিভিন্ন সুবিধা দিয়েছে। আগামীতেও শিশুদের জন্য তিনি সুন্দর বরিশাল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এর আগে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।