ছেলেকে না পেয়ে কেটে দেওয়া হলো বাবার হাত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৫

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা

হরিণাকুণ্ডুতে ছেলেকে না পেয়ে বাবার ডান হাত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে উপজেলার ফলসী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার রাত ১টার দিকে ঐ গ্রামের কৃষক মখলেচ উদ্দিনের ছেলে আকুলকে ধরতে ১০/১২ জন মুখোশধারী দুর্বৃত্ত তার বাড়িতে হানা দেয়।

আহতের ভাই এলেম জানান, ভাতিজা আকুলের বউয়ের ফোন পেয়ে সেখানে গিয়ে জানতে পারি বড়ো ভাই মখলেচকে দুর্বৃত্তরা ধরে নিয়ে গেছে। পরে রাত ২টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মাঠের ক্যানেল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মখলেচ উদ্দিনের শরীর থেকে ডান হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন করে মাঠের মধ্যে ফেলে রেখেছিল। স্থানীয়দের সহযোগিতায় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঝিনাইদহের সার্কেল এসপি (শৈলকুপা-হরিণাকুণ্ডু সার্কেল) আরিফুল ইসলাম জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হবে।