ট্রেনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী

মহানন্দা ট্রেনের যাত্রীদের কাছ থেকে পাঁচ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বেসরকারি রেলওয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এনএল ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে শুনানি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় এই জরিমানা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান মারুফ জানান, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রুটে চলাচল করে  মহানন্দা এক্সপ্রেস ট্রেন। বেসরকারি রেলওয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এনএল ট্রেডার্স ট্রেনটি পরিচালনা করছে। সম্প্রতি খাদিমুল ইসলাম নামে এক যাত্রী রহনপুর হতে ১৬ নম্বর মহানন্দা ট্রেনে রাজশাহী আসছিলেন; কিন্তু টিকিটে তার কাছে ভাড়া নেওয়া হয় ৩০ টাকা; কিন্তু প্রকৃত ভাড়া ২৫ টাকা। এরপরই গত ১০ ডিসেম্বর ভুক্তভোগী যাত্রী খাদিমুল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। পরে সোমবার উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি হয়। শুনানিতে এনএল ট্রেডার্সের প্রতিনিধি অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা এ রুটে প্রতিদিন দুই শতাধিক যাত্রী চলাচল করে বলে স্বীকার করেন। পরে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।