ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৫

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইলের লোহাগড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে আলামীন মোল্যা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে নড়াইল সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় ইতনা গ্রামের সাত্তার মোল্যার ছেলে আলামীন মোল্যা নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর থেকে ঐ ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বারবার ধর্ষণ করা হয়। রবিবার ফোনে বিষয়টি তার মা-বাবাকে জানালে ছাত্রীর বাবা রাতেই লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে লোহাগড়া থানা পুলিশ ইতনা গ্রামে আলামিনের বাড়িতে অভিযান চালিয়ে আলামিনকে গ্রেফতার করে ও ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. এনামুল এ বিষয়ে বলেন, ছাত্রীর বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। সোমবার সকালে ঐ ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন। আলামীন মোল্যাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।