ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
‘একের পর এক বানর আহত হচ্ছে বিদ্যুতায়িত হয়ে। মারাও গেছে একটি বানর। বানরের কষ্ট দেখতে ভালো লাগে না। পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষকে বলেছি, তারে কভার করেন, না হয় বিদ্যুত্ বন্ধ করে দেন। আমি এ বিদ্যুত্ চাই না, বানর বাঁচান।’
নিজের অফিস রুমে সোমবার কথাগুলো বলছিলেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনবিট কর্মকর্তা আশরাফ আলী খান। তিনি বলেন, বন বিভাগের সঙ্গে কথা না বলেই পল্লী বিদ্যুত্ বনে বিদ্যুত্ সংযোগ দিয়েছে। বন এলাকায় বিদ্যুত্ লাইনের জন্য ভূগর্ভস্থ বা কভার তার দেওয়ার বিধান রয়েছে। আমার বনে সাড়ে তিন শতাধিক বানর রয়েছে। বনের ওপর দিয়ে পল্লী বিদ্যুত্ পাঁচ কিলোমিটার নতুন লাইন নির্মাণ করে তাতে বিদ্যুত্ সংযোগ দিয়েছে। বিদ্যুত্ সংযোগ দেওয়ার পর থেকে বানরগুলো খুঁটিতে উঠে ঝুলে খেলার সময় বিদ্যুতায়িত হয়ে আহত হচ্ছে। আমরা দিনরাত বানরগুলো যেন বিদ্যুত্ লাইনে না যায় সে জন্য চেষ্টা করছি। এ পর্যন্ত ছয়-সাতটি বানর আহত হয়েছে। তিন দিন আগে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে একটি বানর।
ফুলবাড়ীয়া উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম অনিতা বর্মন জানান, বিষয়টি বন বিভাগ আমাদেরকে লিখিতভাবে জানিয়েছে। আমরা চিন্তাভাবনা করছি বনের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইন নিয়ে।
