নিখোঁজ শিশুর লাশ সেপটিক ট্যাংকে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৭

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

রাঙ্গুনিয়ায় নিখোঁজ শিশু জন্নাতুল আনীসার (০২) লাশ তার মামার বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা আশকার আলী রোড এলাকার একটি বাসার সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু জন্নাতুল আনীসা পূর্ব সরফভাটা গ্রামের জহিরুউদ্দিনের মেয়ে। গত ১৫/১৬ দিন আগে সে নিখোঁজ হয়। ১৭ ডিসেম্বর এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় একটি ডায়েরি করা হয়।

রাঙ্গুনিয়া থানার এসআই মাহবুব জানান, সংবাদ পেয়ে পশ্চিম সরফভাটা আশকার আলী এলাকায় মামার বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশি তত্পরতা চলছে।

স্থানীয় গ্রাম পুলিশ রেজাউল করিম জানান, সরফভাটা আশকার আলী রোডের কদর মেম্বারের বাড়ির সেপটিক ট্যাংক থেকে গুম করা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মামার বাড়ির লোকজন তাকে হত্যার পর গুম করার চেষ্টা করে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য শিশুর লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।