স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী নগরীর মেডিক্যাল বর্জ্য শোধনাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ নিয়ে রাসিক ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। খুব শিগিগরই প্রিজমের কর্মীরা নগরীর মেডিক্যাল বর্জ্য অপসারণের কাজ শুরু করবে। রবিবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে রাসিকের পক্ষে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং প্রিজমের পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক খোন্দকার আনিসুর রহমান সমঝোতায় স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী, নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালসহ অন্যান্য ক্লিনিকের আউট হাউজ মেডিক্যাল বর্জ্য পরিবেশসম্মত উপায়ে সংগ্রহ করে শোধন করবে প্রিজম।
রাসিক সূত্র জানায়, মেডিক্যাল বর্জ্যব্যবস্থাপনায় হাসপাতাল-ক্লিনিকিগুলোতেই ধরন অনুযায়ী নির্দিষ্ট রঙের পাত্রে বর্জ্য আলাদা করে সংরক্ষণ করার ব্যবস্থা করা হবে। এতে রোগী এবং তার স্বজনদেরও ঝুঁকি কমবে। প্রিজমের দক্ষ ও প্রশিক্ষিত কর্মীরা স্বাস্থ্যসম্মত উপায়ে বর্জ্য সংগ্রহ করে নিয়ে যাবে। পরবর্তীতে সেসব বর্জ্য পরিশোধন করা হবে। এর মাধ্যমে পরিবেশ দূষণও হ্রাস হবে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে ‘রাজশাহীতে খোলা স্থানে ঝুঁকিপূর্ণ মেডিক্যাল বর্জ্য’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর পরই এ উদ্যোগ নেয়া হলো।
