সংবাদ সংক্ষেপ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৯

জলাতঙ্ক নির্মূলে বিভিন্ন স্থানে অবহিতকরণ সভা

ইত্তেফাক ডেস্ক জলাতঙ্ক নির্মূলে দেশের বিভিন্ন স্থানে সোমবার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।

মনপুরা (ভোলা) মনপুরা জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। উপজেলা প্রাণিজসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল কুদ্দুছ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সভায় স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।

গলাচিপা (পটুয়াখালী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ।

পাথরঘাটা (বরগুনা) পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় ডা. জিএম আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

বোরহানউদ্দিন (ভোলা) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এমডিভির সুপারভাইজার আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম শাহিন।

কাঠালিয়া (ঝালকাঠি) কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তাপস কুমার তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন।

চৌগাছায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প

চৌগাছা (যশোর) সংবাদদাতা চৌগাছায় সোমবার ঢাকার চৌগাছা সমিতির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শহরের মৃধাপাড়া মহিলা কলেজে দিনব্যাপী বিনা মূল্যে এই চিকিত্স্যাসেবা দেওয়া হয়। আজ মঙ্গলবারও এই সেবা চালু থাকবে বলে নিশ্চিত করেছেন সমিতির নেতারা। সমিতির সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান খানের নেতৃত্বে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মিজানুর রহমানসহ ২২ জন বিশেষজ্ঞ চিকিত্সক বিভিন্ন রোগী দেখছেন। সঙ্গে সাত দিনের ওষুধ ফ্রি দেওয়া হচ্ছে।

কলমাকান্দায় স্কাউট সমাবেশ অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দায় সোমবার স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ হয়। এ উপলক্ষ্যে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভুঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম প্রমুখ।

গণমাধ্যমকর্মীদের গোলটেবিল বৈঠক

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে বেসরকারি সংগঠন ফ্রেন্ডশীপের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। এ সময় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী, সাংবাদিক শফিকুল ইসলাম বেবু প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

লালমোহন (ভোলা) সংবাদদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ডাক্তার নিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। সোমবার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের অধ্যক্ষ নজরুল এ কে এম ইসলামের বাড়ি থেকে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এমপি শাওন বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সবচেয়ে বড়ো সাফল্য হবে স্বাস্থ্যসেবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বাস্থ্য খাতেই বিশ্বকে চমকে দেওয়ার মতো সাফল্য এনে দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. মো. মহসিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ সভা

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সোমবার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম, সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার প্রমুখ। আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

গণপ্রকৌশল দিবস পালিত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে সোমবার বর্ণাঢ্য আয়োজনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের বাংলাদেশ (আইডিবি)-এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। আইডিবি ঈশ্বরদী সাংগঠনিক জেলার আয়োজনে শহরে শোভাযাত্রা বের হয়। শেষে সংগঠনের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ছবি প্রমুখ।

নবজাতক শিশু গাইনি কেয়ার হাসপাতালের বার্ষিক লভ্যাংশ বিতরণ

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা চাটখিল নবজাতক শিশু গাইনি কেয়ার হাসপাতালের বার্ষিক লভ্যাংশ বিতরণ ও আলোচনা সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অসীম বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএমএ ও স্বাচিপ নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা. এম এ নোমান। বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালনা কমিটির চেয়ারম্যান সুমন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান ইলিয়াছ হোসেন ভূইয়া প্রমুখ।

খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা সমাপ্ত

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা চিতলমারীতে দুই দিনব্যাপী খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা সোমবার শেষ হয়েছে। উত্তোরণ এর সফল প্রকল্পের উদ্যোগে রবিবার উপজেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন হয়। মেলার শেষ দিন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেরা বেগম স্বপ্না, ওসি (তদন্ত) মো. ইকরাম হোসেন প্রমুখ।

 

 

 

০