আসছেন আমলা-শেহজাদ

মাঝপথে স্কোয়াডে পরিবর্তনের ছড়াছড়ি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৪৭

বঙ্গবন্ধু বিপিএলে এখন প্লে-অফের সমীকরণ মেলানোর কাজ শুরু হয়ে গেছে। টুর্নামেন্টও প্রায় মাঝপথে অবস্থান করছে। এমন সময় দলগুলোতে পরিবর্তন হচ্ছে বেশ। বিদেশি ক্রিকেটারদের তালিকায় বেশি পরিবর্তন দেখা যাচ্ছে। খুলনা টাইগার্স, ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে কয়েকজন নতুন ক্রিকেটার যুক্ত হচ্ছেন। প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন হাশিম আমলা। বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। ড্রাফটের বাইরে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগে আমলাকে দলে টেনেছে খুলনা। আজ বিকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আমলার।

খুলনার ম্যানেজার নাফিস ইকবাল সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলবেন আমলা। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিকতার অপর নাম প্রোটিয়ার এই ব্যাটসম্যান। ডানহাতি এই ওপেনার গত বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সিলেট পর্ব থেকে খেলবেন আমলা। আগামী ৩ জানুয়ারি সিলেটে নিজেদের অষ্টম ম্যাচে ঢাকা প্লাটুনের বিরুদ্ধে খেলবে খুলনা। বিপিএলে ৭ ম্যাচ খেলে পাঁচ জয় নিয়ে প্লে-অফের দুয়ারেই আছে মুশফিকুর রহিমের দল। এছাড়া পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আমের ইয়ামিনও আজ খুলনা শিবিরে যোগ দিচ্ছেন লঙ্কান হাসারাঙ্গার জায়গায়। ঢাকা প্লাটুন শিবিরেও পরিবর্তনের ঢেউ রয়েছে। ইংলিশ ক্রিকেটার লরি ইভান্সের জায়গায় পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদকে উড়িয়ে আনছে ঢাকা। পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে ডিরেক্ট সাইনিং কোটায় দলে টেনেছে মাশরাফির দল।

এদিকে হাঁটুর চোট নিয়ে পাকিস্তানে ফিরে গেছেন ঢাকা প্লাটুনের ক্রিকেটার শহীদ আফ্রিদি। ঢাকায় চলমান পর্ব ও সিলেট পর্বটাও মিস করবেন পাকিস্তানি এই অলরাউন্ডার। চোট সেরে উঠলে ৬ জানুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে তার। বঙ্গবন্ধু বিপিএলে অবশ্য সময়টা ভালো কাটেনি আফ্রিদির। ৬ ম্যাচে ২ উইকেট ও ৩৯ রান করেছেন তিনি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দেশীয় ক্রিকেটারদের কোটায় অলরাউন্ডার জিয়াউর রহমানকে নিয়েছে। লঙ্কান অলরাউন্ডার আসেলা গুনারত্নেকেও দলভুক্ত করেছে চট্টগ্রাম। ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দিতে কেসরিক উইলিয়ামস ও লেন্ডল সিমন্স ছাড়ছেন বিপিএল। কেসরিক উইলিয়ামসের জায়গায় লিয়াম প্লাঙ্কেটকে নিয়েছে চট্টগ্রাম। এবার সিমন্সের বদলি হিসেবে যুক্ত হচ্ছেন গুনারত্নে। আর আগামী সপ্তাহেই ড্রাফট থেকে নেওয়া ক্রিস গেইল যোগ দিবেন চট্টগ্রাম দলে। এর আগে কুমিল্লা ওয়ারিয়র্স ছেড়ে গেছেন দাসুন শানাকা, ভানুকা রাজাপাকশে। তাদের জায়গায় ডেভিড উইজ ও উপুল থারাঙ্গাকে নিয়েছিল দলটি।