চার দিনে নামছে টেস্ট!

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৫০

একসময় টেস্ট ক্রিকেট অসীম সময় নিয়েও খেলা হয়েছে। কিন্তু গত কয়েক দশক ধরে পাঁচ দিনেই স্থির হয়েছিল এই ফরম্যাটের খেলাটা। যদিও গত বছরই আইসিসি পরীক্ষামূলকভাবে চার দিনের টেস্ট আয়োজন করেছিল। মনে করা হচ্ছিল, সেটা এরকম বিচ্ছিন্ন ঘটনাই থাকবে। কিন্তু এখন আইসিসি বিবেচনা করছে যে, টেস্ট ক্রিকেটের দৈর্ঘ্য স্থায়ীভাবেই চার দিনে নামিয়ে আনবে। তাদের পরিকল্পনা হলো—২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া আইসিসির পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপেই এটা কার্যকর করা।

প্রথমে চার দিনের টেস্ট চালুর কারণ বলা হয়েছিল, দর্শককে আকৃষ্ট করা। কিন্তু এখন বলা হচ্ছে, অন্যান্য খেলার সময় বের করতেই টেস্ট খেলাকে চার দিনে নামিয়ে আনা দরকার।

যদিও সাবেক ও বর্তমান খেলোয়াড়রা বেশির ভাগই টেস্ট ক্রিকেটের এই পরিবর্তন চান না। তারা মনে করেন, দুই থেকে চার দিন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট এবং পাঁচ দিনে টেস্ট; এটাই আদর্শ। আর সেরা ক্রিকেটের সঙ্গে বাকি ফরম্যাটগুলোর এই পার্থক্য থাকা উচিত। কিন্তু আইসিসি তা মনে করছে না।

আইসিসির কাছে এখন নানারকম ক্রিকেটের জন্য সময়ের চাহিদা বাড়ছে। প্রতিটা ফ্রাঞ্চাইজি লিগের জন্য আলাদা সময় চাই, আইসিসি ইভেন্টের জন্য প্রতি বছর আলাদা সময় চাই, ভারতসহ কয়েকটা শক্তিধর দেশ আলাদা চার দেশীয় টুর্নামেন্টের জন্য সময় চায়। আর এসবকিছু মিলিয়ে টেস্টের সময় কমিয়ে আনাকেই সেরা সমাধান মনে করছে আইসিসি।

তারা উদাহরণ হিসেবে বলছে, ২০১৫ থেকে ২০২৩ চক্রে যদি টেস্ট চার দিনের খেলা হতো, তাহলে সবমিলিয়ে ৩৩৫ দিনের খেলা বেঁচে যেত। ফলে ২০২৩ থেকে ২০৩১ চক্রে এই পদ্ধতিতে একটা প্রায় বাড়তি বছর বের করে ফেলতে পারে তারা। আইসিসি অবশ্য আরো কিছু যুক্তি দেখাচ্ছে।

টেস্ট চার দিনে নেমে এলে সেটা বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আয়োজন করা সম্ভব হবে। যার ফলে বিশ্বের বেশির ভাগ দেশে ছুটির দিনগুলোতে টেস্ট চলবে। এ ছাড়া আইসিসি দেখেছে, ২০১৮ সাল থেকে অনুষ্ঠিত মোট টেস্টের ৬০ শতাংশই চার দিন বা তার কম সময়ে শেষ হয়েছে। ফলে বেশির ভাগ আয়োজকের পঞ্চম দিনের জন্য না খেলেও একটা বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে।

আইসিসির এই চিন্তার সঙ্গে একমত পোষণ করছে বিভিন্ন বোর্ড। এর মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলছিলেন, ‘এটা এমন একটা ব্যাপার, যা এখন আমাদের গুরুত্বের সঙ্গে ভাবা উচিত। এই ব্যাপারটা আবেগ দিয়ে চালালে চলবে না। এটা বাস্তবতা দিয়ে ঠিক করতে হবে।’

আইসিসির প্রস্তাবনা অবশ্য একটু অন্যরকম। তারা চাইছে, টেস্ট চার দিনে নেমে এলে দিনের বাধ্যতামূলক খেলা ৯০ ওভার থেকে বাড়িয়ে ৯৮ ওভার করা হবে। তখন সবমিলিয়ে মাত্র ৫০ ওভারের মতো খেলা কমে আসবে।

অবশ্য ক্রিকেটারদের সংগঠন ফিকা বলছে, তারা এই ব্যাপারটা নিয়ে এখনো নিশ্চিত নন। সংগঠনটির প্রধান টনি আইরিশ বলেছেন, এটা একদিকে সময় বের করবে, এটা সত্যি। কিন্তু একই সঙ্গে সেই বাড়তি সময় খেলোয়াড়দের ওপর খেলার চাপ বাড়বে।