নবাগত বসুন্ধরা কিংস নিজেদের আগমনী বার্তাটা জানিয়েছিল আগের বছরই। স্বাধীনতা কাপে পাওয়া সাফল্যটা এ বছরও ধরে রেখেছিল দলটি। লিগ মৌসুমে হেরেছে মোটে এক ম্যাচে। তাতে আবাহনীকে হারিয়ে প্রথমবারের মতো লিগ শিরোপা উঁচিয়ে ধরে কোচ অস্কার ব্রুজনের দল। অক্টোবরে শেখ কামাল কাপে দলের পারফরম্যান্স অবশ্য আসছে এএফসি কাপকে সামনে রেখে বড়োসড়ো একটা সতর্কবার্তাই দিয়েছে লিগ চ্যাম্পিয়নদের। তিন ম্যাচের দুটিতে হার নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন দানিয়েল কলিন্দ্রেসরা।
