বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি শিরোপা লড়াই থেকে আপাতত ছিটকে গেলেও লিভারপুলের মতোই জয় দিয়ে বছর শেষ করল। শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকা লিভারপুলকে অবশ্য জয় পেতে এদিন ভিএআর প্রযুক্তির দ্বারস্থ হতে হয়েছিল।
গত রবিবার অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় এর আগে চেলসি পিছিয়ে পড়েও দুর্দান্ত লড়াই চালিয়ে আর্সেনালকে ২-১ গোলে হারায়। কোচ ফ্র্যাংক ল্যাম্পার্ডের অধীনে ছুটতে থাকা চেলসি এ জয়ে চতুর্থ স্থান ধরে রাখল। অপরদিকে নতুন কোচ মাইকেল আর্তেতার অধীনে এটা ছিল আর্সেনালের প্রথম ‘হোম ম্যাচ’। কিন্তু জয়ের দেখা পেলেন আর্সেনালের সাবেক খেলোয়াড়টি।
কোচ য়ুর্গেন ক্লপের দল নিজ মাঠে উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে ১-০ গোলে জেতে। সাদিও মানে ৪২তম মিনিটে গোলটি করেন। তাতে ১৩ পয়েন্টে এগিয়ে থেকেই বছর শেষ করল লিভারপুল।
সিটির ২-০ গোলের জয়টি ছিল শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে। সার্জিও অ্যাগুয়েরো ও কেভিন ডি ব্রুইনারের গোলে আবার জয়ে ফিরল কোচ পেপ গার্দিওলার দল। কিন্তু এ জয়ের পরও এক নম্বরে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান ১৪ পয়েন্টের। তবে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমে এল এক পয়েন্টে।
