উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে ‘ইতিবাচক ও আক্রমণাত্মক’ প্রতিরক্ষা নীতি গ্রহণের আহবান জানিয়েছেন। পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্লেনারি বৈঠকের শুরুতে দেওয়া বক্তৃতায় কিম এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণের আলোচনার সমাপ্তি টানতে ও নতুন করে বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়ার কর্মকৌশল ঠিক করতেই এ বৈঠক ডাকা হয় বলে ধারণা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া কেসিএনএর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার কিম ওয়ার্কার্স পার্টির ওই প্লেনারি বৈঠক উদ্বোধন করেন। রবিবারের বৈঠকেও তিনি সভাপতিত্ব করেন। সভায় কিম বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশের পূর্ণাঙ্গ সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক ও আক্রমণাত্মক ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছেন বলে কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে। তবে ‘আক্রমণাত্মক ব্যবস্থা’ বলতে কিম কি বুঝিয়েছেন তা খোলাসা করেনি তারা। -বিবিসি
