তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গতকাল ছিল গণতন্ত্র রক্ষা দিবস। কারণ ২০১৮ সালের এই দিনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সব ষড়যন্ত্র পেছনে ফেলে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্র রক্ষা করেছিল। গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘মাদ্রিদে জলবায়ু সম্মেলন :পর্যালোচনা ও ভবিষ্যত্ করণীয়’ শীর্ষক সেমিনারে যোগদানের আগে সাংবাদিকদের তিনি আরো বলেন, এক বছর আগে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি চেয়েছিল ৩০ ডিসেম্বর নির্বাচন ভণ্ডুল করে গণতন্ত্র হত্যা করতে। সমস্ত প্রতিবন্ধকতা উপড়ে ফেলে এবং প্রতিকূলতা পেছনে ফেলে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছিল। ঐ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করেছিল। সে হিসেবে আজ হচ্ছে গণতন্ত্র রক্ষা দিবস।
তথ্যমন্ত্রী বলেন, আজ তারা যে দিবসটি পালন করতে চাইছে, প্রকারান্তরে তারা তাদের খোলস উন্মোচন করছে যে তারা গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল।
আইডিইবি ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। সেমিনারে আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রাহমান, বিসিজেএফের সভাপতি কাওসার রহমান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক।
