সরকারি চাকরিজীবীদের গৃহনির্মাণ ঋণের সুদের হার ১০ শতাংশ থেকে ১ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে তাদের ঋণের ওপর ৯ শতাংশ হারে সরল সুদ (সুদের ওপর সুদ নয়) দিতে হবে। সম্প্রতি অর্থ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
সরকারি চাকরিজীবীরা ব্যাংক থেকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ পাচ্ছেন। এ ঋণের জন্য ব্যাংক মোট ১০ শতাংশ হারে সরল সুদ নিচ্ছে। তবে ঋণগ্রহীতাদের দিতে হচ্ছে ৫ শতাংশ। বাকিটা সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হচ্ছে।
রবিবার ঘোষিত প্রজ্ঞাপনে এ ঋণে সুদহার ১ শতাংশ কমানো হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য গৃনির্মাণ ঋণের সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ পুনঃনির্ধারণ করা হয়েছে। তবে ঋণগ্রহীতা ব্যাংক রেটের সমহারে (৫ বা ৫ শতাংশের কম বা বেশি হতে পারে) সুদ পরিশোধ করবেন। সুদের অবশিষ্ট অর্থ সরকার ভর্তুকি হিসেবে ব্যাংকগুলোকে দেবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণের সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ পুনঃনির্ধারণ করা হলো।
এটি হবে সরল সুদ এবং ঋণগ্রহীতা কর্মচারী কেবল ব্যাংক রেটের সমহারে সুদ পরিশোধ করবেন। এ পুনঃনির্ধারিত সুদের হার কেবল নতুন ঋণগ্রহীতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন প্রজ্ঞাপন কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ১০ শতাংশ সুদ থাকার সময় ঋণগ্রহীতাকে পরিশোধ করতে হতো ৫ শতাংশ আর সরকার দিত ৫ শতাংশ। সুদের হার ৯ শতাংশ নির্ধারণের পর ঋণগ্রহীতাদের ব্যাংক রেটের সমহারে সুদ পরিশোধ করতে হবে নাকি এটি কমিয়ে সাড়ে ৪ কিংবা ৪ শতাংশ করা হবে, সেটি খুব শিগগির বৈঠক করে নির্ধারণ করা হবে।
