প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করলেন শতবর্ষী আওয়ামী লীগ নেতা ইসহাক আলী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০০:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেছেন শতবর্ষী আওয়ামী লীগ নেতা ইসহাক আলী মাস্টার। গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মাধ্যমে তাকে ডেকে নেন দলীয় সভানেত্রী। এ সময় ১৯৫০ সালে যশোরে জাতির পিতার জনসভার স্মৃতিচারণ মনোযোগ দিয়ে শোনেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেই সময় মঞ্চে কে কে উপস্থিত ছিলেন এবং সেইদিন ভাষণে কি বলেছিলেন সেসব স্মৃতিচারণ প্রধানমন্ত্রী তার কাছ থেকে শোনেন। এক পর্যায়ে শতবর্ষী ইসহাক আলী মাস্টার আবেগে আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করেন। এছাড়া গণভবনে আমন্ত্রণ জানানোর জন্য তাকে ধন্যবাদ জানান শতবর্ষী এই আওয়ামী লীগ নেতা। ইসহাক আলী মাস্টারের সঙ্গে ছিলেন তার ছেলে ও ছেলের বউ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের মতো বঙ্গবন্ধুপ্রেমী আছে বলেই আওয়ামী লীগের ভীত এতো শক্ত। প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনে লাঠি ভর দিয়ে যোগদান করেন কুষ্টিয়ার ১০৪ বছর বয়সি ইসহাক আলী মাস্টার।