আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, স্বেচ্ছায় রক্তদানসহ নানা আয়োজন রয়েছে।
লিখিত বক্তব্যে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘ছাত্রলীগের ৭২ বছর পূর্তি উপলক্ষ্যে পুনর্মিলনীসহ তিন দিনের কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষ্যে সকল স্তরের নেতাকর্মীদের ওরিয়েন্টেশন কোর্সেরও আয়োজন করা হবে। রেজিস্ট্রেশন করে যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবেন।’
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৪ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় সকল সাংগঠনিক ইউনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা। এছাড়া ৬ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাশে বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে। ৭ জানুয়ারি সকাল ১০টায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতার সামনে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
