মাশরাফি হলেন জীবন্ত কিংবদন্তী: ছাত্রলীগ সভাপতি

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৩

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘এখানে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ জন্ম নিয়েছিলেন আর এখন মাশরাফি হলেন জীবন্ত কিংবদন্তী।’

 

তিনি এ সময় বলেন, মাশরাফিকে প্রধানমন্ত্রী শুধু আমাদের দলের সম্পদ নয়, দেশের সম্পদ বলে আখ্যায়িত করেছেন। আপনাদের দায়িত্ব রয়েছে মাশরাফিকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করা।

 

বুধবার সন্ধ্যায় শহরের বাঁধাঘাট এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে এক সভায় তিনি এসব কথা বলেন।

 

মাশরাফি বিন মর্তুজা অসুস্থতার জন্য নড়াইলে আসতে পারছে না জানিয়ে এসময় তিনি আরো বলেন, উপস্থিত মাশরাফির চেয়ে যেন অনুপস্থিত মাশরাফি বেশি শক্তিশালী হয়। সকলে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করে জননেত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

 

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম, স্থানীয় কাউন্সিলর শরফুল আলম লিটু, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আশরাফুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধনসহ দলীয় নেতৃবৃন্দ এ উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/এএম