‘দুই কার্যদিবসের মধ্যে জামায়াতের ২৫ প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত’

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ২৫ প্রার্থীর অংশ নেয়ার ব্যাপারে হাইকোর্টের রুলের বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ‘আমরা আজ হাইকোর্টের চিঠি পেয়েছি। আমাদের আইন শাখাকে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে কমিশনে বিষয়টি উপস্থাপন করতে বলা হয়েছে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমাদের তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। আমরা যেহেতু আজকে চিঠি পেয়েছি, স্বাভাবিকভাবে হাতে আরো দুই কার্যদিবস রয়েছে। এর মধ্যে কমিশন নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দেবে।’

আরো পড়ুনঃ মাশরাফির জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী

নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতা ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নিচ্ছেন। তাদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। তিনদিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাসস

ইত্তেফাক/কেকে