গতবার বর্জন করলেও এবার নির্বাচনের শেষ পর্যন্ত দেখবেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেছেন, গত সিটি করপোরেশন নির্বাচনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করেছিলাম। আমরা চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত নির্বাচনে থাকার জন্য। কিন্তু তা সম্ভব হয়নি। তবে আমরা এবার শেষ পর্যন্ত নির্বাচনে থাকব এবং নির্বাচনের শেষটা দেখে নেব।
গতকাল মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে সঙ্গে নিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে মনোনয়নপত্র জমা দেন ধানের শীষের এই প্রার্থী। জমা দেওয়ার পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
আরো পড়ুন: নৌকার ব্যাকগিয়ার নেই : আতিক
তাবিথ আওয়াল বলেন, গত মেয়র নির্বাচনের পরও অনেক নির্বাচন হয়েছে। সে নির্বাচনগুলোতে আমরা শেষ পর্যন্ত ছিলাম। মাঠে থাকা অবস্থায় আমরা অনেকগুলো অভিযোগ করেছিলাম। সেগুলোর কোনোটি আমলে নেওয়া হয়নি। তদন্ত করা হয়নি। গত একাদশ সংসদ নির্বাচন যেটা ২৯ এবং ৩০ ডিসেম্বর হয়েছিল সেখানে আমরা শেষ পর্যন্ত ছিলাম। সেখানে তো ভোট হয়নি, তাই গণনার দরকার হয়নি। সুষ্ঠু হবে না জেনেও গণতন্ত্রের প্রতি আস্থা রেখে আমরা চেষ্টা করেছি নির্বাচনে অংশগ্রহণের জন্য।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিথ আওয়াল বলেন, শুধু আমাদের নয়, জনগণেরও নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের প্রতি কোনো আস্থা নেই। তবে আমরা নিজেদের এবং জনগণের প্রতি আস্থা রেখে এ নির্বাচনে অংশ নিয়েছি। কারণ, জনগণ বার বার বিএনপিকে ভোট দিতে চেয়েছিল। সেই জনগণকে নিয়েই আমরা মাঠে নেমেছি।
ইত্তেফাক/এমআর
