নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও নাগরিকপঞ্জি আইন বাতিলের দাবিতে গত মাস থেকে উত্তাল রয়েছে আসাম। বিক্ষোভ দমাতে মিছিলে পুলিশের গুলি, মিছিলে গেলে সরকারি কর্মচারীদের চাকরি খাওয়ার হুমকিসহ নানা পথে হেঁটেছে রাজ্য বিজেপি সরকার। এবার অভিযোগ উঠেছে বিক্ষোভ দমাতে সাহিত্য জগতের লোকজনকে কোটি কোটি রুপি অনুদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সরকার। খবর আনন্দবাজার’র
আসামের বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে স্থানীয় ছাত্র সংগঠনগুলো। তাদের সঙ্গে শুরু থেকেই সক্রিয় ছিলো আসামের শিল্পী ও সাহিত্য সমাজ। সরকার ইতোমধ্যে শিল্পীদেরকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছে। সর্বশেষ মঙ্গলবার এক বৈঠকে আসাম সাহিত্য সভাসহ অন্তত ২৩টি সভাকে কোটি কোটি রুপি আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
বৈঠকে আসাম সাহিত্য সভাকে সর্বোচ্চ ১০ কোটি রুপি এবং অন্যান্য সাহিত্য সভাকে তিন থেকে পাঁচ কোটি রুপি আর্থিক অনুদানের ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: ফের পরমাণু অস্ত্র পরীক্ষার হুমকি কিমের
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী এবং সাহিত্য সভার কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কোন কথা হয়েনি। এবিষয়ে সরাসরি এখনও কেউ বিবৃতি না দিলেও আন্দোলনে জড়িত ব্যক্তিরা অভিযোগ করেছেন, সরকার আন্দোলনের আগুন নেভাতে অর্থ ছড়াচ্ছে।
আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, ‘২০১৯ সালের শুরুতেও আসামবাসী সর্বানন্দকে রক্ষক মনে করতেন। এখন সকলে তাঁকে ভণ্ড বলছেন।’ তিনি আরও বলেন, ‘শুধু সর্বানন্দের নয়, গোটা বিজেপিরই এখন শনির দশা চলছে। একের পর এক রাজ্য হারাচ্ছে।’
ইত্তেফাক/এসইউ
