সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শরীরে ক্যান্সার ধরা পড়েছে। তার ক্যান্সারের চিকিত্সা শুরু হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। প্রায় ৪ মাস ধরে চিকিত্সাধীন ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ সংগীতশিল্পী। এন্ড্রু কিশোরের ব্যয়বহুল এই চিকিত্সা সহায়তায় কনসার্টের আয়োজন করা হয়। দুটি কনসার্ট থেকে ৮ লাখ টাকা দেওয়া হয়েছে তার চিকিত্সার জন্য।
জানা গেছে, গত ১০ ডিসেম্বর লন্ডনের সংগীতশিল্পী এবং যন্ত্রশিল্পীরা তার চিকিত্সা সহায়তায় একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেই কনসার্ট থেকে গত দুই দফায় মোট ৪ লাখ তাকে প্রদান করা হয়। বিষয়টি এন্ড্রু কিশোর নিশ্চিত করেছেন বলে তার শিষ্য ও কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস জানিয়েছেন।
তিনি জানান, গত ২০ ডিসেম্বর আমেরিকায় বসবাসরত যন্ত্রশিল্পী, সংগীতশিল্পী ও বেশ কয়েকজন আয়োজকের উদ্যোগে তার চিকিত্সা সহায়তায় আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান শেষে তাকে গত ২৪ ডিসেম্বর ৪ লাখ ৮ হাজার টাকা প্রদান করা হয়। আরো কিছু টাকা দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে শারীরিক অসুবিধা দেখা দেওয়ায় প্রায় মাসখানেক ধরে এন্ড্রু কিশোরের পরবর্তী কেমোথেরাপি গ্রহণে বিলম্ব হচ্ছে! এ পর্যন্ত তার ৪টি সাইকেলে ১৬টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।
আরো ২টি সাইকেলে ৮টি কেমোথেরাপি দেওয়া হবে তাকে। শারীরিক অসুবিধা কাটিয়ে উঠলে পুনরায় কেমোথেরাপি শুরু হবে বলে ডাক্তাররা জানিয়েছেন।
