তৌকীরের ধারাবাহিক ‘রূপালি জোছনায়’

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২০:২৯

দীর্ঘ বিরতীর পর আবারো ধারাবাহিক নাটক নির্মাণে ফিরলেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। মাঝে মধ্যে একক নাটক নির্মাণ করলেও শেষ ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন ২০১৪ সালে। মাঝে চলচ্চিত্র নির্মাণে বেশি ব্যস্ত ছিলেন তিনি। সর্বশেষ তার নির্মিত ‘ফাগুন হাওয়া’ সিনেমাটি বেশ প্রশংসা কুড়ায়। বর্তমানে নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তৌকীর। জানা গেছে, সম্প্রতি তিনি ‘রূপালি জোছনায়’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। নাটকটি নির্মাণের পাশাপাশি এটি রচনাও করেছেন তিনি। এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘গত কয়েকবছর চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত ছিলাম। ফলে ধারাবাহিক নিয়ে চিন্তা করার সময় পাইনি। চ্যানেল আই থেকে প্রস্তাব দেওয়ার পর মনে হয়েছে একটা ধারাবাহিক বানানো উচিত। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’ এছাড়া তৌকীর জীবনানন্দ দাশকে নিয়ে একটি ছবি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন বলে জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামীবছর শুটিং শুরু করবেন তিনি। উল্লেখ্য, ২০১৪ সালে ‘জলপ্রপাত’ নামের ধারাবাহিক নাটক নির্মাণ করেন তৌকীর আহমেদ। এছাড়া তার অভিনীত মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।