দেশে দেশে বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২০:৪৯

বিশ্ব জুড়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২০ সালকে বরণ করেছে নিউজিল্যান্ড। নতুন বছরের আগমনে আলোকচ্ছটায় উজ্জ্বল হয়েছে অকল্যান্ডের স্কাই টাওয়ার। একই চিত্র দেখা গেছে অস্ট্রেলিয়াতেও। ২০২০ সালের আগমনি মুহূর্তে সিডনি ঝলমলে হয়ে উঠেছে নানা রঙের আতশবাজিতে।

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল সংকটের মধ্যেও সেখানে থেমে থাকেনি নতুন বছরকে বরণের  আনন্দ-উত্সব। দাবানল সংকটের কারণে সিডনিতে আতশবাজি না করার আহ্বান জানিয়ে পিটিশনে সই করেছিলেন ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। নিউ সাউথ ওয়েলস রাজ্যে রেকর্ড ভাঙা তাপমাত্রার কারণে দাবানল ভয়াবহ রূপ নিয়ে রাজ্যটি পুড়িয়ে ছারখার করায় ঐ অঞ্চলের অনেক জায়গাতেই বর্ষবরণের রাতে আতশবাজি প্রদর্শনী নিষিদ্ধ হয়; কিন্তু সিডনির লর্ড মেয়র ক্লোভার মুর নিষেধাজ্ঞায় ছাড় দিয়ে শহরটিতে আতশবাজি করার অনুমোদন দেন। তিনি বলেন, ‘নতুন বছরে আতশবাজির আলো এ কঠিন সময়ে মানুষের মধ্যে আশার সঞ্চার করবে’।

দাবানলের আগুনে পোড়া ধোঁয়ায় সিডনির আকাশ রক্ত-লাল হলেও শহরটির হারবার ব্রিজে নতুন বছরের আগমনি মুহূর্তে আকাশে আতশবাজির খেলা দেখতে ভিড় করে বিপুলসংখ্যক মানুষ। তাদের উচ্ছ্বাসেও কোনো কমতি দেখা যায়নি। যদিও সোশ্যাল মিডিয়ায় সিডনিতে এ আতশবাজির সমালোচনাও করেছেন কেউ কেউ। তবে সিডনিতে আতশবাজি হলেও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের অনেক শহরেই দাবানল ভয়াবহ আকার ধারণ করায় ঐসব জায়গায় এবার আতশবাজির উত্সব বাতিল করা হয়েছে।

অন্যদিকে, এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা জুড়ে মানুষ পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে বরণের উত্সবে মেতেছে। বিশ্বের দেশে দেশে আনন্দ-উদ্দীপনা, উচ্ছ্বাস দেখা গেছে মানুষের মধ্যে। কানাডার মন্টিয়ালে বর্ষবরণ উত্সবে অংশ নিয়েছে প্রায় ৭০ হাজার মানুষ। নানা রঙ আর মায়াবী আলোয় সেজেছে বিভিন্ন ভবন। ২০১৯ সালকে বিদায় জানিয়ে ২০২০ সালকে বরণ করে দেশগুলো। এশিয়ার বিভিন্ন দেশ এবারও বর্ষবরণকে কেন্দ্র করে জমকালো ও চোখ ধাঁধানো আলোকসজ্জা থেকে শুরু করে আতশবাজির আয়োজন করেছে।

তবে হংকংয়ে এবার গণতন্ত্রপন্থি বিক্ষোভ চলতে থাকায় নিরাপত্তাজনিত কারণে বর্ষবরণের রাতে ভিক্টোরিয়া হারবারে আতশবাজি বাতিল করা হয়। এ পরিস্থিতির মধ্যে হংকংয়ের ভিক্টোরিয়া হারবারে ঘড়ির কাঁটা রাত ১২টা স্পর্শ করতেই আতশবাজির পরিবর্তে নিয়ন বাতিতে আলোকিত রাস্তায় বিক্ষোভকারীদের গণতন্ত্রপন্থি স্লোগান দিয়ে শুরু হয়েছে ২০২০ সাল।