নারী ভক্তের মুঠো থেকে হাত সরিয়ে নিলেন পোপ

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২০:৫১

হেঁচকা টান, পরের কয়েক মুহূর্তে এক নারী ভক্তের মুঠো থেকে হতভম্ব পোপ ফ্রান্সিসের হাত সরিয়ে নেওয়ার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে। মঙ্গলবার রাতে ভ্যাটিকান সিটির সেইন্ট পিটারস স্কয়ারে ভক্তদের সঙ্গে পোপের হাত মেলানোর সময় ঘটনাটি ঘটে।

ভিডিওর শুরুতে অপেক্ষারত ভক্তদের দিকে হাসিমুখেই পোপকে এগিয়ে যেতে দেখা যায়। এরপর একে একে সবার সঙ্গে তিনি হাত মেলাতে ও শুভেচ্ছা বিনিময় করতে থাকেন। এক পর্যায়ে এক শিশুর সঙ্গে হাত মিলিয়ে ভক্তদের কাছ থেকে উলটোদিকে ঘোরার মুহূর্তে এক নারী তার হাত ধরে হেঁচকা টান দেন। হতভম্ব পোপ সঙ্গে সঙ্গেই ঐ নারীর হাতে আলতো থাবা দিয়ে নিজের হাত সরিয়ে নেন। এতে খানিকটা ব্যথা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পোপ যখন অন্যদের সঙ্গে হাত মিলিয়ে এগুচ্ছিলেন ঐ নারী ভক্তকে তখন বাতাসে ক্রসচিহ্ন আঁকতে দেখা গেছে। পোপকে নিজের দিকে টেনে নেওয়ার সময় তিনি কিছু বলেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।