এসএমএস পদ্ধতি চালুর আবেদন

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২১:২৭

সমপ্রতি বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম আবেদন ফ্রি ছাড়াই যেভাবে সরকারি ব্যাংকগুলোকে একত্রিত করে পরীক্ষা পদ্ধতি চালু করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু ডিজিটাল এই সিস্টেমের পাশাপাশি কয়েকটি অ্যানালগ পদ্ধতি রাখার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রার্থীদের। আবেদন করার পর বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার বিষয়ে প্রার্থীদের কোনো তথ্য দেয় না। আবার তারা প্রবেশপত্র ডাউনলোডের নির্দিষ্ট সময়ও বেঁধে দেয়। এসএমএস না দেওয়ায় অনেকে বিষয়টি সম্পর্কে জানতে পারে না। ফলে আবেদন করার পরও অনেকে নির্ধারিত সময়ে প্রবেশপত্র ডাউনলোড করতে না পারায় পরীক্ষার হলে বসার অধিকার হারাচ্ছে। বেকারত্বের তকমা মাথায় নিয়ে হন্যে হয়ে চাকরির খোঁজে অনেক জায়গায় আবেদন করতে হয়। একাধিক আবেদন করতে গিয়ে কোন অধিদপ্তর কখন প্রবেশপত্র দিচ্ছে তার খবর রাখা দুষ্কর হয়ে পড়ে। এসএমএস পদ্ধতি চালু হলে এই ভোগান্তি থেকে অনেকাংশে রেহাই পাবে প্রার্থীরা, পাশাপাশি বাড়বে অংশগ্রহণকারীর সংখ্যাও। ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের এ প্রক্রিয়াকে আরো সমৃদ্ধ করতে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ সাখাওয়াত হোসেন

পটিয়া, চট্টগ্রাম