বল টেম্পারিং কেলেঙ্কারির পর বেশ একটা দুঃসময়ে অস্ট্রেলিয়া দলের টেস্ট অধিনায়ক হয়েছিলেন তিনি। টেস্ট দলে দীর্ঘদিন না থাকার পরও টিম পেইনকে দায়িত্বটা দিয়ে বেশ সাহসিকতা দেখিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পেইনই অস্ট্রেলিয়া দলকে আবারও ফিরিয়েছেন সুসময়ে।
সে কারণেই কি না, কোচ জাস্টিন ল্যাঙ্গার পুরোপুরি সমর্থন করছেন টিম পেইনকে। কোচ মনে করেন, পেইনেরই টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরোটা সময় অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে থাকা উচিত।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২১ সালে, ইংল্যান্ডের লর্ডসে। সেই সময় পর্যন্ত অধিনায়ক হিসেবে এই পেইনকেই পছন্দ ল্যাঙ্গারের। ল্যাঙ্গার বলেন, ‘উইকেট রক্ষণের কাজ বলেন, কিংবা দলকে নেতৃত্ব নেওয়া—যেকোনো পরিচয়েই ও আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি তাই মনে করি, অন্তত ২০২১ সাল অবধি পেইনেরই দলের নেতৃত্বে থাকা দরকার। সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’
কদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। কলকাতা নাইট রাইডার্স দল তাকে রেকর্ড সাড়ে ১৫ কোটি রুপিতে কিনে নিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলে কামিন্সের অংশগ্রহণকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছেন ল্যাঙ্গার।
তিনি বলেন, ‘সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে। তাই মনে হচ্ছে এই ব্যাপারটা আমাদের জন্য মহামূল্যবান হবে। কারণ অনেক দিন ধরেই টি-টোয়েন্টিকে প্রাধ্যান্য দেওয়ার ব্যাপারে কথা হয়ে আসছে। আইপিএলে খেলাটা ওদের সিদ্ধান্ত। আপনাকে স্বল্প মেয়াদে আর দীর্ঘমেয়াদে বিষয়গুলো ভাবতে হবে। আইপিএলে খেলা নিয়ে আপনি কারো ওপর নাখোশ হতে পারেন না। বড়ো করে দেখলে এখানে ওরা ১২ থেকে ১৪টি টি-টোয়েন্টি খেলবে। আবার এখানেই আমরা দুই বছরের মধ্যে বিশ্বকাপ খেলব। ফলে এটা তাদের দক্ষতাকে আরো সমৃদ্ধ করবে। আশা করছি এটা সবার জন্যই ভালো হবে।’
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নিউজিল্যান্ডকে ২৪৭ রানের বড়ো ব্যবধানে হারায় স্বাগতিক অস্ট্রেলিয়া। এই জয়ে এক টেস্ট বাকি রেখেই তিন ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করে অজিরা। পার্থে প্রথম টেস্ট ২৯৬ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। এতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়েও যায় টিম পেইনের দল।
আগামীকাল ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজে তৃতীয় ও শেষ টেস্ট। শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া দল। সেদিকেই চোখ রাখছেন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘জয়ের জন্যই তো আমরা খেলতে নামি। আর টানা জয় যেকোনো দলই পছন্দ করে। ফলে, কোনো সন্দেহ ছাড়াই বলা যায় যে, বরাবরের মতো এই ম্যাচেও আমরা জয়ের জন্যই মাঠে নামব।’
হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া নিউজিল্যান্ডও। ইনজুরিতে পড়া পেসার ট্রেন্ট বোল্টের বদলি হিসেবে অস্ট্রেলিয়ায় বড়ো হওয়া এবং সেখানকার ঘরোয়া শেফিল্ড শিল্ডের দল নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলা অফ স্পিনার সমারভিলকে দলে ডেকেছে নিউজিল্যান্ডের নির্বাচকরা। অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে ২০১৬-১৭ মৌসুমে শীর্ষ উইকেট শিকারীদের একজন ছিলেন সমারভিল। ২৩.১৪ গড়ে ৩৫ উইকেট শিকার করেছিলেন তিনি।
