নাদাল, জকোর লক্ষ্য শিরোপা

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২১:৩৪

নতুন দশকটা নতুন এক দলীয় টুর্নামেন্ট দিয়ে শুরু করতে যাচ্ছে টেনিস-বিশ্ব। এটিপি কাপ নাম নিয়ে টুর্নামেন্টটা যাত্রা শুরু করবে আগামীকাল শুক্রবার। বছর শুরুর এই টুর্নামেন্টে জিতে প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রস্তুতিটা ভালোভাবেই সারতে চান রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ।

অস্ট্রেলিয়ার ব্রিসবেন, সিডনি ও পার্থে ২৪ দেশের অংশগ্রহণে আগামীকাল এই টুর্নামেন্টটি শুরু হবে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত, ফাইনাল হবে সিডনিতে। বিশ্বের সেরা পুরুষ টেনিস খেলোয়াড়দের এই প্রতিযোগিতায় নাদাল ও জকোভিচ শিরোপার লক্ষ্যে টুর্নামেন্টের দ্বিতীয় দিন থেকে যাত্রা শুরু করবেন।

নাদাল স্পেনকে ডেভিস কাপ জেতানোর ছয় সপ্তাহের মধ্যেই আবার দলীয় এই প্রতিযোগিতায় নামছেন। তবে এটি একই সাথে ২০ জানুয়ারি শুরু হতে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি হিসেবেও কাজ করবে। 

এটিপি কাপে থাকবে ছয়টি গ্রুপ। রাউন্ড রবিন কাঠামোয় প্রথম রাউন্ডের পর কোয়ার্টার ফাইনাল খেলবে ছয় গ্রুপ চ্যাম্পিয়ন ও দুটি সেরা রানার্স আপ দল। ডেভিস কাপ ও লেভার কাপের পর টেনিসে এটি হতে যাচ্ছে তৃতীয় দলীয় টুর্নামেন্ট।

এতে ১৫ মিলিয়ন ইউএস ডলার, ৭৫০ এটিপি র্যাংকিং পয়েন্ট আর ২৫০ ডাবলস র্যাংকিং পয়েন্টের জন্যে লড়বেন টেনিস খেলোয়াড়রা।

বড়ো তারকাদের ইনজুরি কিংবা অন্যান্য কারণে সরে দাঁড়ানোয় এটিপি কাপ ইতিমধ্যেই বড়োসড় ধাক্কা খেয়েছে। পারিবারিক কারণে নিজেকে এই কাপের উদ্বোধনী আসর থেকে সরিয়ে নিয়েছেন রজার ফেদেরার। আর চোটের কারণে প্রতিযোগিতায় খেলতে পারবেন না অ্যান্ডি মারে এবং কেই নিশিকোরি।

ব্যক্তিগত দ্বৈরথের জন্যেই বিখ্যাত টেনিস। তবুও নোভাক জকোভিচ মনে করেন আরো একটি দলীয় টুর্নামেন্ট মঙ্গলই বয়ে আনবে খেলাটির জন্যে, ‘নব্বইভাগ সময়ে এখানে আমরা ব্যক্তিগতভাবে খেলি আর খুব বেশি দলীয় টুর্নামেন্ট নেই। এটা অনেকগুলো দেশকে একসঙ্গে আনতে সাহায্য করবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, দারুণ এক ব্যাপারই হবে এটা এবং নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারলে গর্বিতই হই। এমন একটা আসর সত্যিই অনেক বড়ো প্রভাব ফেলবে।’

অস্ট্রেলীয় খেলোয়াড় নিক কিরগিয়সও জকোভিচের সঙ্গে একমত। জানালেন, অসাধারণ এক টুর্নামেন্টই হতে যাচ্ছে এটি। তিনি বলেন, ‘আমি জানি একেকটা সফরে সবাই তার সতীর্থদের সঙ্গে থাকতে চায়। নিজ দেশের হয়ে বিশ্বসেরাদের মুখোমুখি হওয়ার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।’