উত্সবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে বই বিতরণ উত্সব। বিনামূল্যে নতুন বই বিতরণ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল সাজসাজ রব। উত্সবে মেতে উঠেছে শিক্ষক-শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিনে সবার হাতে হাতে নতুন বই। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা হয়ে উত্সবে মেতে উঠে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
সিলেট : সকাল সাড়ে ১০টায় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম। এরপর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা। জেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। সিলেট বিভাগে এ বছর বিতরণ করা হচ্ছে ১ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৭শ ২৯টি বই। যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১ লাখ ২১ হাজার ৪৮৮টি। শিশু শ্রেণি, প্রাথমিক ও মাধ্যমিকে এ বছর সিলেট বিভাগে বই পাচ্ছে ৩০ লাখ ৫০ হাজার ৮৮ জন শিক্ষার্থী। ইতিমধ্যে ৯৭ শতাংশ বই পৌঁছে গেছে।
এদিকে, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বই উত্সব উপলক্ষ্যে বর্ণিল অনুষ্ঠান প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া ও জিওসি, ১৭ পদাতিক ডিভিশন এবং প্রধান পৃষ্ঠপোষক, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিয়া দিওয়ান। শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথি নবনির্মিত বিভিন্ন ল্যাবরেটরি, লাইব্রেরি ও কিডস্ রিক্রিয়েশন রুম উদ্বোধন করেন। পরে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের পর বিশেষ অতিথি নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।
নোয়াখালী :সকালে জেলায় বই বিতরণ উত্সবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক তন্ময় দাস। প্রথমে তিনি নোয়াখালী জিলা স্কুলে ও পরে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সল্যাঘটাইয়া প্রাথমিক বিদ্যালয়, ওবায়েদ উল্যাহ মেমোরিয়াল হাইস্কুল ও জেলা শহরের প্রভাতী স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এমসয় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. জাহাঙ্গীরসহ বিভিন্ন অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে সকালে জেলা শহরের পুলিশ কেজি স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
সুনামগঞ্জ : দুপুরে সুনামগঞ্জ কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিছবাহ। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিছবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. মাহফুজুর রহমান নসরু, প্রধান শিক্ষক নমিতা সরকার, সহসভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।
রাঙ্গামাটি : সকাল রাঙ্গামাটি গোধুলী আমানতবাগ স্কুলে বই উত্সবের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলমসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অপরদিকে শহিদ আব্দুল আলী একাডেমিতে মাধ্যমিক পর্যায়ে বই উত্সবের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বরসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বই বিতরণকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, স্কুলে ঝরেপড়া রোধকল্পে বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজস্ব বর্ণমালা সংবলিত মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিতরণ করছে।
খাগড়াছড়ি : দিনভর জেলার নয়টি উপজেলার শত শত শিক্ষা প্রতিষ্ঠানে নানান আনুষ্ঠানিকতায় চলেছে বিনামূল্যে বই বিতরণ উত্সব। সকালে জেলার মাটিরাঙ্গা বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র্র লাল ত্রিপুরা। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ জ্যোতি চাকমা। এদিকে খাগড়াছড়ির শালবন এলাকায় কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এ সময় পৌর মেয়র আলহাজ মো. রফিকুল আলম, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন। তাছাড়া ১৮ হাজার ৪৩৭ জন চাকমা, মারমা ও ত্রিপুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীও মাতৃভাষায় রচিত বই পেয়েছে।
মৌলভীবাজার :সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে পৃথক স্থানে বই বিতরণ করা হয়। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে ও বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক বিতরণ করা হয়। বক্তব্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, সহকারি জেলা শিক্ষা অফিসার ময়নুল হক। প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। শহরের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মালেকা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।
লক্ষ্মীপুর : সকালে শহরের জেলা কালেক্টরেট বিদ্যালয়, এন আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, পৌর শহিদ স্মৃতি একাডেমি, আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, দারুল উমুল কামিল মাদ্রাসা, তানজিমুল উম্মাহসহ বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সরিত্ কুমার চাকমা প্রমুখ।
চন্দনাইশ (চট্টগ্রাম) : বই উত্সব উপলক্ষ্যে মনছফ আলী জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে আলহাজ জসিম উদ্দিন মন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাববুল আলম খোকা, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদরুদ্দোজা, শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী প্রমুখ। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) :সকালে ভিন্ন ভিন্ন আয়োজনে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, মাধ্যমিক বিদ্যালয়, এবতেদায়ী, দাখিল ও কামিল মাদ্রাসাসহ ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর হাতে নতুন ক্লাসের পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পৌরসভা এলাকার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ১২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী প্রমুখ।
