চট্টগ্রামের মিরসরাইয়ে খাগড়াছড়ি-রামগড়-বারইয়ারহাট সড়কে একটি বেইলি ব্রিজ বালুভর্তি ট্রাকসহ খালের ওপর ভেঙে পড়েছে। বুধবার ভোর ৫টায় উপজেলার করেরহাট ইউনিয়নের লক্ষ্মীছড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে খাগড়াছড়ি-রামগড়-বারইয়ারহাট সড়কের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েছে খাগড়াছড়ি-রামগড়-বারইয়ারহাট সড়কের যাত্রীরা।
সরেজমিনে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সিপিসিএল কনস্ট্রাকশন কোম্পানির তত্ত্ব্বাবধানে করেরহাট ইউনিয়নের লক্ষ্মীছড়া এলাকায় খাগড়াছড়ি-রামগড়-বারইয়ারহাট সড়কে একটি ব্রিজ নির্মাণাধীন রয়েছে। তাই ঐ স্থানে সাময়িক যান চলাচলের জন্য প্রায় ৯ মাস আগে একটি বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ করা হয়।
বেইলি ব্রিজ ভেঙে যাওয়া প্রসঙ্গে কনস্ট্রাকশন কোম্পানি সিপিসিএলের প্রকৌশলী এমডি শাখাওয়াত হোসেন ইত্তেফাককে বলেন, নির্দেশ অমান্য করে বেইলি ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন ৩০-৪০ টন ওজনের মালবাহী ট্রাক চলাচল করে। বুধবার ভোরে প্রায় ৪০ টন ওজনের একটি বালুবাহী ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে পড়ে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দ্রুত বিকল্প সড়ক নির্মাণের কাজ করছি। আশা করছি দ্রুত যান চলাচল চালু হবে। এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, ব্রিজ ভেঙে যাওয়ার বিষয়টি আমি জেনেছি। সংশ্লিষ্টরা ঐ স্থানে বিকল্প সড়ক নির্মাণের কাজ করছে।
