জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২১:৫৫

জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজারের পাশে মোহাম্মদপুর গ্রামের মাঠে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলা এ লড়াই উপভোগ করতে উপস্থিত হয়েছিলেন ১০ সহস্রাধিক মানুষ। ভোর থেকেই বিভিন্ন যানবাহনযোগে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে দর্শকরা ষাঁড়ের লড়াইয়ের মাঠে ছুটে আসেন।

ষাঁড়ের এ লড়াইয়ের আয়োজক ছিলেন জগন্নাথপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আজাদ মিয়া। প্রতিযোগিতায় অংশ নেওয়া ষাঁড়গুলোর নামকরণেও ছিল চমক। লড়াইয়ে বিজয়ী ষাঁড়গুলোর মালিকসহ অংশগ্রহণকারী ষাঁড়গুলোর মালিকদের হাতে পুরস্কারের মোটরসাইকেল, ফ্রিজ, টেবিল ফ্যান এবং ভেড়া তুলে দেওয়া হয়।

এদিকে, ষাঁড়ের লড়াই উপভোগ করতে আসা শিশু-কিশোরসহ সকল বয়সি লোকজনদের মাঠের চারপাশে সমবেত হয়ে শান্তিপূর্ণভাবে লড়াই উপভোগ করতে দেখা যায়। লড়াই চলাকালে পরাজিত ষাঁড় মাঠ থেকে পালানোরকালে ষাঁড়ের ছোটাছুটির পাশাপাশি ষাঁড়ের কবল থেকে রক্ষা পেতে দর্শকদের দিগ্বিদিক ছোটাছুটিও যেন আরেক মজার খেলা। ষাঁড়ের লড়াইয়ের ধারাবিবরণীতে ছিলেন মো. রফিক। মাইকে ষাঁড়গুলোর ব্যতিক্রমী নাম শুনে দর্শকদের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। এছাড়া দর্শক গ্যালারিতে লন্ডন প্রবাসী দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।