বাগেরহাটের চিতলমারীতে তীব্র শীতে অধিকাংশ বোরো বীজতলার ক্ষতি হয়েছে। এতে চলতি মৌসুমে বোরো আবাদ নিয়ে হতাশা প্রকাশ করেছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জানুয়ারি মাসের শুরু থেকে এলাকায় পুরোদমে বোরো রোপণের মৌসুম শুরু হয়। এ সময়টায় অধিকাংশ জমিতে চাষাবাদ আরম্ভ করা হলেও এ বছর প্রতিকূল আবহাওয়ার কারণে নানা সমস্যা দেখা দিয়েছে। গত কয়েকদিনের তীব্র শীতে বেশিরভাগ বোরো বীজতলার চারা নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন চাষিরা। চলতি বোরো মৌসুমে এলাকায় ৬৩৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ও উফশী জাতের ধান আবাদের প্রস্তুতি চলছে।
উপজেলার পাটরপাড়া গ্রামের বোরো চাষি খেলাফাত তালুকদার, সাহিদুল ইসলাম,শ্যামপাড়া গ্রামের ইলিয়াচ হোসেন, নির্মল মণ্ডলসহ অনেক চাষি হতাশা প্রকাশ করে জানান, এ বছর শীতে তাদের অধিকাংশ বীজতলার বোরো ধানের চারা নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় কীভাবে জমি চাষাবাদ করবেন কিছুই ভেবে পাচ্ছেন না তারা। উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার জানান, গত কয়েকদিনের শীতে বোরো বীজতলার কিছুটা ক্ষতি হয়েছে। শীতের তীব্রতা কেটে গেলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। এ ব্যাপারে চাষিদের নানাভাবে পরামর্শ প্রদান করা হচ্ছে।
