সংবাদ সংক্ষেপ

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:১০

কসবায় নিরাপদ ট্রেন ভ্রমণ নিশ্চিতে মতবিনিময়-শোভাযাত্রা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ঝুঁকিপূর্ণ ট্রেন ভ্রমণ ও দুষ্কৃতকারীদের অপতত্পরতা রোধে কসবা রেলওয়ে স্টেশনে রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে গতকাল বুধবার মতবিনিময় সভা ও শোভাযাত্রা করা হয়। চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মো.ছাবিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা মো. নাসিরউদ্দিন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. আনসার আলী, বিভাগীয় টেলিযোগাযোগ ও কমিউনিকেশন কর্মকর্তা জাহেদ আরেফিন তন্ময়, বিভাগীয় নিরাপত্তা বিভাগের কমান্ড্যান্ট আশরাফুল ইসলাম, সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনির হোসেন। এ সময় পেশাজীবী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সভাপতি কবি ও সাংবাদিক মো. সোলেমান খান, কসবা পৌরসভার প্যানেল মেয়র আবু জাহের, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি মো. সোহরাব হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় সাম্প্রতিক মন্দভাগ ও শশীদল স্টেশনে ট্রেন দুর্ঘটনা এবং ট্রেনে যাত্রীদের ঢিল ছোড়া, নাশকতা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

বিরামপুরে দুইটি প্রতিবন্ধী বিদ্যালয়ে ভিডিও ক্লিপিং

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা এমপিওভুক্তির উদ্দেশ্যে বুধবার দুটি প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারি কর্মকর্তার উপস্থিতিতে অ্যাসেমব্লি, স্কুল অবকাঠামোসহ পাঁচটি বিষয়ে ভিডিও ধারণ করা হয়েছে। বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় মহাম্মদপুরে ভিডিও ক্লিপিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, বিদ্যালয় প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা প্রমুখ। বিরামপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ভিডিও ক্লিপিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি আমার বাড়ি আমার খামার প্রকল্প কর্মকর্তা বিদ্যুত্ মন্ডল, ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এনামুল হক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নাগরপুরে আমন ধান ও চাল সংগ্রহ শুরু

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা  টাঙ্গাইলের নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির উদ্যোগে বুধবার সকালে এল এস ডি নাগরপুরের উদ্যোগে এর উদ্বোধন করেন প্রধান অতিথি টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আহসানুল ইসলাম টিটু। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মতিন বিশ্বাস, খাদ্যগুদাম কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মুক্তা রানী সাহা, সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনি, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও উপজেলার কৃষকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাঘা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) সংবাদদাতা রাজশাহীর বাঘা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় সব সদস্যের উপস্থিতিতে ২৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক সমকাল ও দৈনিক বার্তার বাঘা প্রতিনিধি আব্দুল লতিফ মিয়াকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাক ও সানশাইন পত্রিকার প্রতিনিধি নুরুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ কমিটি গঠন করা হয়। বাঘা বাজারে অবস্থিত ক্লাবের নিজস্ব কার্যালয়ে আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এ কমিটি হয়।

ক্ষুদ্র জেলেদের সুরক্ষায় ১০ সুপারিশ

ভোলা প্রতিনিধি জলবায়ু পরিবর্তনের সক্ষমতা অর্জনে উপকূলীয় অঞ্চলের ক্ষুদ্র মত্স্যজীবী সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নে ভোলায় ক্ষুদ্র মত্স্যজীবী জেলে নেতাদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্টট্রাস্টের আয়োজনে সিজেআরএফ প্রকল্পের মাধ্যমে ভোলা অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জলবায়ুর প্রভাব থেকে ক্ষুদ্র জেলের সুরক্ষায় ১০টি সুপারিশ উঠে এসেছে। কর্মশালায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ভোলা জেলা মত্স্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আমির হোসেন, চরফ্যাশন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, কেন্দ্রীয় ক্ষুদ্র মত্স্যজীবী জেলে সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মামুন আল রশিদ, সিজেআরএফ প্রকল্পের প্রকল্প ফোকাল এম এ হাসান, সাংবাদিক মোকাম্মেল হক মিলন চৌধুরী প্রমুখ।

মাদারীপুরে মুজিববর্ষ বরণ অনুষ্ঠান

মাদারীপুর প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে গতকাল বুধবার “মুজিব বর্ষবরণ” শুরু করা হয়েছে। ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়স্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। মুজিব বর্ষবরণ উপলক্ষ্যে বছরের প্রথম দিন গতকাল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম। অন্যদের মধ্যে আলোচনা করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ওবাইদুর রহমান কালু খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

পাইকগাছায় মোটর শ্রমিকদের সঙ্গে সংসদ সদস্যের পথসভা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা  খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বুধবার সকালে পাইকগাছার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ডে মোটর শ্রমিকদের সঙ্গে পথসভায় মিলিত হন। এ সময় বাস শ্রমিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে তিনি বলেন, পুরাতন স্ট্যান্ডে গাড়ি রাখার সমস্যা থাকায় জনগণের চলার রাস্তায় বাস রাখা যাবে না। দ্রুত বাস রাখার জন্য জায়গা ভাড়া করা হবে। সে লক্ষ্যে যাত্রীসেবার মান বজায় রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডের শতাধিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।