আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ, শূন্য পদে নিয়োগ এবং পদোন্নতির ব্যবস্থাসহ ৫ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণি সমন্বয় পরিষদ। এ সময় বিভিন্ন সরকারি হাসপাতালের নেতারা যোগ দেন। গতকাল বুধবার সকাল ১০ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি পরিষদ বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি সমন্বয় পরিষদের সভাপতি মো. আবু সাঈদ মিয়া। তিনি বলেন, সরকারি হাসপাতালে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ প্রথা বাতিল করতে হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণি সব পদে রাজস্ব খাতে নিয়োগ দিতে হবে। ডিপিসির মাধ্যমে পদোন্নতি যোগ্য শূন্যপদে অতিসত্বর পদোন্নতি দিতে হবে। ২১ জানুয়ারির মধ্যে দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী কেন্দ্রীয় সমিতির সভাপতি এম এ হান্নান, তৃতীয় শ্রেনি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এস এম আবদুর রব, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান খান, বক্ষব্যাধি সরকারি হাসপাতালেরর সভাপতি মো. নাসির আলম, মিটফোর্ড হাসপাতালের সভাপতি মোজাফফর হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন প্রমুখ।
