গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইংরেজি বছরের শেষ রাতে বাড়িতে প্রবেশ করে শয়ন ঘরে স্ত্রীকে বেঁধে রেখে তার সামনেই দুর্বৃত্তরা স্বামী উত্তম চন্দ্র দেবনাথকে (২৮) নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে।
মঙ্গলবার রাত ৭টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত উত্তম চন্দ্র দেবনাথ ঐ এলাকার নিবারণ চন্দ্র দেবনাথের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, মঙ্গলবার রাতে কয়েকজন দুর্বৃত্ত উত্তম চন্দ্রের বাড়িতে প্রবেশ করে। পরে তার স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে। এবং তার সামনেই তার স্বামীকে গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পরে নিহতের স্ত্রী ললিতা রানির চিত্কার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের রক্তাত্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরো জানান, নিহতের স্ত্রী ললিতা রানি জিজ্ঞাসাবাদে পুলিশের নিকট অসংলগ্ন কথাবার্তা বলছেন। এ কারণে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি বলেন, নিহতের বাড়ির পাশেই এক বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের ‘এক নাম অস্টপ্রহর’ অনুষ্ঠিত হচ্ছে। অস্ট প্রহরের উচ্চশব্দের কারণে হয়তো ঘটনার সময়ে বিষয়টি প্রতিবেশীরা টের পাননি। তবে বিষয়টি তদন্ত ও খুনিদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত আছে। কিন্তু মঙ্গলবার (রাত ১২টা পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি।
